বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

এপিএন টিভি প্রতিবেদক।।বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সৈয়দপুর শাখার ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ৮টায় সৈয়দপুরের মর্তুজা ইনস্টিটিউটে ভোটগ্রহণ ও গণনা শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মো. রুহুল আমিন রুবেল সভাপতি এবং মো. নিজামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটি আগামী মেয়াদের জন্য সংগঠনের দায়িত্ব গ্রহণ করে। এ সময় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন রুবেল বলেন, রেলওয়ের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়নে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক মো. নিজামুল হক বলেন, সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সদস্যদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং রেলওয়ের উন্নয়ন কার্যক্রমে প্রকৌশলীদের ভূমিকা আরও জোরদারে কাজ করা হবে।
নির্বাচন উপলক্ষে সদস্যদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, নতুন নেতৃত্ব সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং রেলওয়ের ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।

