তারাগঞ্জে ঈদগাহ ও কবরস্থানের জমি দান, শিক্ষার্থীদের চেক ও ত্রাণ বিতরণ
আশরাফুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেড কর্তৃক জমি দান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং দুস্থদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতনা। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেড কর্তৃক স্থানীয় ঈদগাহ মাঠ ও কালেক্টরেট কবরস্থানের জন্য প্রদানকৃত জমির দলিল জেলা প্রশাসকের প্রতিনিধির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দলিল হস্তান্তর শেষে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় উচ্চশিক্ষায় নিয়োজিত এলাকার মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের হাতে নগদ আর্থিক সহায়তার চেক তুলে দেন। একই সময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান সার্বিক তথ্যাবধনে ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশিদ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকারের উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এ ধরনের সামাজিক ও ধর্মীয় কাজে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। সমাজসেবা অধিদপ্তরের এই ক্ষুদ্র সহায়তা মেধাবী শিক্ষার্থীদের পথচলায় সাহস যোগাবে।” সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন জনকল্যাণমূলক এই আয়োজনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

