তারাগঞ্জে খেলা দেখে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক: শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী ও স্টেডিয়াম মাঠ নির্মাণের আশ্বাস।
আশরাফুল ইসলাম তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম তারাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ উপভোগ করে তীব্র মুগ্ধতা প্রকাশ করেছেন। খেলা শেষে তিনি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং একটি মানসম্মত স্টেডিয়াম মাঠ নির্মাণের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিকভাবে সুস্থ-সবল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারাগঞ্জের খেলোয়াড়দের প্রাণবন্ত ফুটবল দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই অঞ্চলের ক্রীড়াঙ্গনের সঠিক বিকাশে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী পোঁছে দেব এবং খেলার অনুকূল পরিবেশ তৈরিতে স্টেডিয়াম মাঠ সংস্কার ও নির্মাণে প্রয়োজনীয় অর্থায়ন করব।”
জেলা প্রশাসকের এই ঘোষণার পর তারাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন বলেন, “রংপুর জেলা পরিষদের প্রশাসক মহোদয়ের এই আর্থিক সহায়তার আশ্বাসে তারাগঞ্জবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর এই উদ্যোগ তারাগঞ্জের ক্রীড়াঙ্গনকে নতুন প্রাণ দেবে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।”জেলা পরিষদের প্রশাসকের এমন গণমুখী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়ামোদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ জানান, সরকারের ক্রীড়াবান্ধব নীতি ও জেলা পরিষদের এমন সহযোগিতার মাধ্যমে তারাগঞ্জের ক্রীড়া অঙ্গন নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সাথে সরকারের হাতকে আরও শক্তিশালী করতে স্থানীয়রা জেলা পরিষদের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সহস্রাধিক উৎসুক দর্শক উপস্থিত ছিলেন।

