তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

​প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা প্রশাসন এবং কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প (উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর) এর যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।​‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন অফিস সহকারী আব্দুল আলিম।
​আলোচনা সভায় প্রধান অতিথি মোনাববর হোসেন বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির আলোকবর্তিকা। তাঁর দর্শন ও সাহিত্যকর্ম আমাদের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বর্তমান সময়ে শান্তি ও অসাম্প্রদায়িক চেতনা প্রসারে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা অপরিসীম।”
​বক্তারা বিশ্বকবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, বাংলা ভাষাকে বিশ্বদরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর কবিতা ও গান আজও আমাদের প্রতিদিনের প্রেরণা। ​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *