তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তারকে (৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মুজাহিদ ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।মঙ্গলবার বিকেলে তারাগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, গত শুক্রবার নিখোঁজ হওয়ার পরদিন শনিবার সকালে একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মুজাহিদ শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সানজিদা স্থানীয় শাইলবাড়ি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

