সৈয়দপুরে কলেজ ছাত্রের দেড় কোটির রহস্যময় বাড়ি: নেপথ্যে থাই জুয়ার রমরমা সিন্ডিকেট

​নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারী হাট এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীর রাতারাতি বিপুল সম্পদের মালিক বনে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ এক মাথার খোলা  চুল ব্যবসায়ীর ছেলে হয়েও কীভাবে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ এবং সম্পদের পাহাড় গড়ে তোলা হলো, তা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

​অনুসন্ধানে জানা যায়, পূর্ব বেলপুকুর ডেড়ানী গ্রামের খোলা চুল

ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে রাজু (১৮) হাজারী হাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। অতি সাধারণ পরিবারের সন্তান হলেও সম্প্রতি রাজুর নিজ গ্রামে তিন তলা ফাউন্ডেশনের একটি আধুনিক এক তলা বাড়ি নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে, যার আনুমানিক ব্যয় প্রায় দেড় কোটি টাকা।

​এদিকে এ ঘটনা নিয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরীর সাথে এক গণমাধ্যমকর্মীর ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে অধ্যক্ষ সরাসরি ওই ছাত্রের নাম নিশ্চিত করতে না পারলেও এলাকাটির সামগ্রিক ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, হাজারী হাট থেকে শুরু করে নিতাই কিশোরগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ‘থাই জুয়া’ ভিসা,  এক রমরমা মরণব্যাধিতে পরিণত হয়েছে।

​ফোনালাপে অধ্যক্ষ আক্ষেপ করে বলেন—

​”আমাদের এলাকায় খিয়ারজুম্মা থেকে শুরু করে নিতাই পর্যন্ত অসংখ্য মানুষ এই ‘থাই’ (জুয়া) খেলে। কত ছাত্র-ছাত্রী যে এর সাথে জড়িত তার কোনো ইয়ত্তা নেই। এই রাস্তায় যত সুন্দর সুন্দর বাড়ি দেখবেন, বুঝবেন যে এগুলো সবই থাই জুয়ার টাকায় বানানো।”

তিনি আরও জানান, এই অবৈধ আয়ের কারণে এলাকার কিশোর ও তরুণ সমাজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে। অল্প বয়সী ছেলেরা ৫-৭ লাখ টাকার দামি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় এবং মাদকাসক্ত হয়ে পড়ছে। এমনকি এদের পেছনে বড় বড় গডফাদার ও ক্রাইম সিন্ডিকেট জড়িত রয়েছে এবং পুলিশের কাছেও এই সংক্রান্ত বহু মামলার তথ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

​এলাকাবাসীর দাবি, রাজুর মতো রাতারাতি কোটিপতি বনে যাওয়া তরুণদের আয়ের উৎস খতিয়ে দেখা এবং এই অঞ্চলের পুরো থাই জুয়ার সিন্ডিকেটকে গোড়া থেকে উপড়ে ফেলতে প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *