তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা প্রশাসন এবং কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প (উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর) এর যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন অফিস সহকারী আব্দুল আলিম।
আলোচনা সভায় প্রধান অতিথি মোনাববর হোসেন বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির আলোকবর্তিকা। তাঁর দর্শন ও সাহিত্যকর্ম আমাদের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বর্তমান সময়ে শান্তি ও অসাম্প্রদায়িক চেতনা প্রসারে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা অপরিসীম।”
বক্তারা বিশ্বকবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, বাংলা ভাষাকে বিশ্বদরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর কবিতা ও গান আজও আমাদের প্রতিদিনের প্রেরণা। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

