তারাগঞ্জে ৪৪৬ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা

​প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পাচারকালে ৪৪৬ লিটার অবৈধ পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের শিয়ালডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে পেট্রোল পরিবহনের দায়ে ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারাগঞ্জ বাজার এলাকায় একটি অটোরিকশার চলাচল দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেনকে জানানো হলে তিনি পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযানের নির্দেশ দেন। পরবর্তীতে শিয়ালডাঙ্গা ব্রিজ এলাকায় অটোরিকশাটি আটকে তল্লাশি চালিয়ে ড্রামভর্তি ৪৪৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। ​প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত এই পেট্রোল পার্বতীপুর উপজেলা থেকে তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ উপজেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৭ হাজার টাকা। ​অভিযান শেষে জব্দকৃত তেল স্থানীয় সোনালী পাম্পের ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্তের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। ​উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন জানান, জনস্বার্থে এবং অবৈধ পাচার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *