সৈয়দপুরে সরকারি বিধি লঙ্ঘন: ২০ বছর ধরে বিনা ভাড়ায় বিদ্যালয়ের কোয়ার্টারে শিক্ষকের বসবাস
নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলার তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে দীর্ঘ দুই দশক ধরে বিদ্যালয়ের আবাসিক ভবনে বিনা ভাড়ায় বসবাসের অভিযোগ উঠেছে। মো. মশিউর রহমান নামের ওই শিক্ষক সরকারি কোষাগারে কোনো অর্থ জমা না দিয়েই প্রায় ২০ বছর ধরে এই সুবিধা ভোগ করছেন বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, শিক্ষা প্রশাসনের প্রচলিত বিধি অনুযায়ী সরকারি আবাসিক ভবনে থাকতে হলে কর্তৃপক্ষের লিখিত অনুমোদন এবং নির্ধারিত হারে মাসিক ভাড়া পরিশোধ বাধ্যতামূলক। কিন্তু শিক্ষক মশিউর রহমানের ক্ষেত্রে এসব নিয়ম মানার কোনো প্রমাণ মেলেনি। বিদ্যালয় কর্তৃপক্ষ বা উপজেলা শিক্ষা অফিসে তাঁর নামে কোনো বরাদ্দপত্র বা ভড়া পরিশোধের রেকর্ড সংরক্ষিত নেই।
বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার জানান:
”আমি সম্প্রতি যোগদান করেছি। তিনি আগে থেকেই সেখানে থাকছেন। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে কথা বলতে সহকারী শিক্ষক মো. মশিউর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
দীর্ঘদিন ধরে এভাবে সরকারি সম্পদ ব্যবহারের বিষয়টি স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের দাবি, অতি দ্রুত বকেয়া ভাড়া আদায়সহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

