৩০ বছরের জমি সংক্রান্ত বিরোধের অবসান: আলোপথ মানবাধিকার ফাউন্ডেশনের সফল সালিশী বৈঠকে
নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর: দীর্ঘ ৩ দশকের (৩০ বছর) পুরনো জমিজমা সংক্রান্ত বিরোধের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান করল আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নে আয়োজিত এক সালিশী বৈঠকের মাধ্যমে বাদী মোঃ মজিবার রহমান গং এবং বিবাদী মোঃ বকুল হোসেন গং উভয় পক্ষের সম্মতিতে এই আপোষনামা সম্পাদিত হয়।
সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ ৩০ বছর ধরে বিবাদ চলে আসছিল। এই দীর্ঘ সময়ে বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার উত্তেজনা সৃষ্টি হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। অবশেষে আলোপথ মানবাধিকার ফাউন্ডেশনের মধ্যস্থতায় আজ সংস্থার কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে চূড়ান্ত বৈঠক আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের কর্মকর্তাদের সুদক্ষ পরিচালনা এবং আইনি ও মানবিক বিশ্লেষণের মাধ্যমে উভয় পক্ষ তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটায়। বৈঠকে দীর্ঘ আলোচনার পর দুই পক্ষই আপোষনামায় স্বাক্ষর করেন এবং সৌহার্দ্যপূর্ণভাবে বিবাদ মিটিয়ে ফেলার অঙ্গীকার করেন।
আলোপথ মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের লক্ষ্যই হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। ৩০ বছরের একটি বিবাদ নিরসন করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে যেকোনো বড় সমস্যার সমাধান সম্ভব।”
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার এবং নির্বাহী সচিব মোঃ হাদী উজ জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

