সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল

বলিউডের কৌতুকমঞ্চে ‘মিমিক্রি’ দীর্ঘদিন ধরেই দর্শক হাসানোর জনপ্রিয় মাধ্যম। কিন্তু সেই নকল যখন চরিত্রের গভীরে পৌঁছে যায়, তখন তা আর শুধু অনুকরণে সীমাবদ্ধ থাকে না, রূপ নেয় অভিনয়ে। ঠিক এমনই এক পারফরম্যান্সে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা সুনীল গ্রোভার।
নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র এক পর্বে আমির খানকে অনুকরণ করে সুনীলের অভিনয় কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ভাইরাল সেই ভিডিও ঘিরে দর্শকের উচ্ছ্বাসের সঙ্গে যোগ হয়েছে খোদ আমির খানের প্রকাশ্য প্রশংসা।

সম্প্রতি ভিডিও সাক্ষাৎকারে সুনীল গ্রোভারের পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমির খান বলেন, তিনি একে মিমিক্রি বলতে রাজি নন। আমিরের ভাষায়, ‘আমি এটাকে মিমিক্রি বলব না। ওর অভিনয় এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল, নিজেকেই দেখছি পর্দায়। অনুষ্ঠানটার একটা ছোট ক্লিপ দেখেছি, এবার পুরো পর্বটা দেখব।’ হাসতে হাসতে তিনি আরও বলেন, ‘আমি এত জোরে হেসেছি যে শ্বাস নিতে পারছিলাম না। এতে কোনো বিদ্রূপ ছিল না, যা ছিল তা একেবারেই খাঁটি আনন্দ।’

ওই পর্বে অতিথি ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। তাঁদের সামনেই মঞ্চে আমির খানের কথা বলার ভঙ্গি, হাঁটাচলা, পোশাক, চোখের দৃষ্টি, এমনকি পাপারাজ্জিদের সঙ্গে তাঁর আচরণ পর্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন সুনীল। নিজের চরিত্রের নাম দেন ‘উনিশ–বিশ আমির’—নামেই যেন রসিকতার ইঙ্গিত। আমিরের ব্যক্তিজীবনের পরিচিত কিছু প্রসঙ্গও তিনি হালকা ঠাট্টার ভঙ্গিতে তুলে ধরেন, যা দর্শকদের আরও বেশি মাতিয়ে তোলে।

কপিল শর্মা ও সুনীল গ্রোভার

কপিল শর্মা ও সুনীল গ্রোভারইনস্টাগ্রাম থেকে

এই অভিনয় ঘিরে নেট–দুনিয়ায়ও প্রশংসা মিলছে। এক ভক্ত লিখেছেন, ‘সুনীল গ্রোভার, তুমি সত্যিই লেজেন্ড। এত নিখুঁত অভিনয় খুব কম দেখা যায়।’ আরেকজনের মন্তব্য, ‘এটা শুধু নকল নয়, চরিত্রকে পুরোপুরি বোঝার ফল।’ কেউ লিখেছেন, ‘এ ধরনের দক্ষতা কোনো স্কুল শেখায় না।’ অনেক দর্শকেরই অনুভব—মুখভঙ্গি থেকে হাসি পর্যন্ত সবকিছু এতটাই বাস্তব যে মুহূর্তের জন্য বিভ্রান্তি তৈরি হয়। আসল না নকল!

এর আগেও এমন স্বীকৃতি পেয়েছেন সুনীল গ্রোভার। জনপ্রিয় গেম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র উপস্থাপনার ঢং ধরে একবার অমিতাভ বচ্চনকে অনুকরণ করে পারফর্ম করেছিলেন তিনি। সেই অভিনয় দেখে খোদ অমিতাভ নিজেই মুগ্ধ হন। মঞ্চেই সুনীলকে উৎসাহ দেন, খোলাখুলি হেসে তাঁর পারফরম্যান্স উপভোগ করেন।

‘সানফ্লাওয়ার’–এ সুনীল গ্রোভার

‘সানফ্লাওয়ার’–এ সুনীল গ্রোভারইনস্টাগ্রাম থেকে

কপিল শর্মার সঞ্চালনায় এই শোর যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে টেলিভিশনে। দীর্ঘ এক দশকের পথচলার পর ২০২৪ সাল থেকে অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্মে আসে এবং নাম বদলে হয় দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। বর্তমানে এটি নেটফ্লিক্সে প্রতি শনিবার মুক্তি পাচ্ছে। কপিল শর্মার পাশাপাশি নিয়মিত দেখা যায় কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, নভজোৎ সিং সিধু ও অর্চনা পূরণ সিংকেও। জানা গেছে, এই শোতে প্রতি পর্বে সুনীল গ্রোভার পারিশ্রমিক হিসেবে নেন বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকার বেশি।

সমালোচকদের মতে, সুনীল গ্রোভারের শক্তি এখানেই—তিনি কাউকে ব্যঙ্গ করেন না। গভীর পর্যবেক্ষণ থেকে চরিত্রের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। ফলে তাঁর মিমিক্রি কখনো অপমানজনক মনে হয় না; বরং শ্রদ্ধা আর অভিনয়দক্ষতার মিশেলে তৈরি হয় আলাদা এক মাত্রা।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *