রংপুর জেলা প্রশাসকের তারাগঞ্জ সফর: আধুনিক কৃষি প্রযুক্তি ও মানবিক সহায়তার মেলবন্ধন
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান তারাগঞ্জ উপজেলায় সরকারের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেছেন। (মঙ্গলবার) দিনব্যাপী এই সফরে তিনি আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঋণ বিতরণ এবং দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। সফরের শুরুতেই উপজেলা চত্বরে জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর তিনি এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলমান বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উপজেলায় দুগ্ধ শিল্পের বিকাশে ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)’-এর আওতায় দুটি ডেইরি প্রডিউসার গ্রুপকে সম্পূর্ণ বিনামূল্যে দুটি আধুনিক মিল্কিং মেশিন প্রদান করেন। সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডেইরি পিজির প্রতিনিধি লাবনী আক্তার এবং আলমপুর ইউনিয়নের মধুরামপুর ডেইরি পিজির প্রতিনিধি মাসুদ রানা নিজ নিজ গ্রুপের খামারিদের পক্ষে এই উন্নত প্রযুক্তির মেশিন গ্রহণ করেন। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় উপজেলার ১৫টি গ্রুপের ৫৬৪ জন খামারি সরাসরি উপকৃত হচ্ছেন। আধুনিক এই মেশিন ব্যবহারের ফলে স্বল্প সময়ে অধিক গাভীর দুধ দোহন সম্ভব হবে এবং শারীরিক শ্রম ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্ষুদ্র ঋণ আর্থিক বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র এবং প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৪০ জন উপকারভোগীর মাঝে মোট ২১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া চলাচলে অক্ষম ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার এবং হতদরিদ্র আরও ৪টি পরিবারের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক। প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক এবং ১০ প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায়ে আধুনিক প্রযুক্তির সেবা পৌঁছে দেওয়া এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। তারাগঞ্জ উপজেলা প্রশাসনের এই উন্নয়নমুখী পথচলা প্রশংসনীয়।” উপজেলা প্রশাসন আগামীর দিনগুলোতেও এই জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান। উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, সরকারের সহায়তায় আমাদের নেতিবাচক মনোভাব পোষণে উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

